কারাগার ও থানায় বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ
সঠিকভাবে মামলার আসামি চিহ্নিত করতে সরকারকে দেশের সব কারাগার ও পুলিশ স্টেশনে পর্যায়ক্রমে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযুক্তদের আঙুলের ছাপ, হাতের তালু ও চোখের মণির ছবি সংরক্ষণের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গ্রেপ্তারের পর অভিযুক্তদের মুখমণ্ডলের ছবি ডেটা ব্যাংকে সংরক্ষণ করতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।